দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও দুর্বৃত্তের হামলায় যৌনকর্মী নিহতের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে থামছেই না একের পর এক হামলার ঘটনা। একদিনের ব্যবধানে আবারও দুর্বৃত্তদের হামলায় হাসি নামের এক যৌনকর্মী প্রাণ হারিয়েছেন। পরপর দুজন বাসিন্দার প্রাণহানির খবরে পুরো পল্লীজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা নাগাদ গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এই মৃত্যুর সংবাদটির সত্যতা নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পরপরই থানা পুলিশের পাশাপাশি ক্রাইমসিন টিম আলামত সংগ্রহ ও তদন্তে নেমেছে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
এর ঠিক একদিন আগেই, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সোনিয়া আক্তার (৩০) নামের আরেক যৌনকর্মী। কিছুদিন আগে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তিনি মারাত্মকভাবে জখম হয়েছিলেন। নিহত সোনিয়া ওই পল্লীর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপুর বাড়িতে ভাড়া থাকতেন।
উল্লেখ্য, পূর্বের হামলার পর গত ৬ সেপ্টেম্বর তোফাজ্জল হোসেন তপু বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের হত্যাকাণ্ডে পুরো এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
