ঝিনাইদহে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২ মিনিটে পড়ুন২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোনায়েম হোসেন ওরফে মোলাম (৫০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালীশংকরপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কালীশংকরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোনায়েম। পথিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মোনায়েমের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শিল্পী খাতুন জানান, “আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। স্কুলের পেছনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার সারা শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে।”

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য মোনায়েম হোসেনকে মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ মর্গে রয়েছে।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে থানা পুলিশ।

bhinnobritto@gmail.com

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।