নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত: পুলিশ
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের সম্পৃক্ততা যাচাইয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ওই সময় গাড়ির চালক কনস্টেবল এনামুল আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালন করছিলেন।
৭০-৮০টি মোটরসাইকেলের মিছিল
পুলিশ সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে প্রায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। মিছিলের অংশগ্রহণকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন।
মিছিলটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে সেখান থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে গাড়ির চালকের আসনে থাকা কনস্টেবল এনামুলের বাঁ চোখে আঘাত লাগে।
তিনজন আটক, চলছে তদন্ত
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাঁদের এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ওসি।
এ ছাড়া হামলায় অংশ নেওয়া অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আহত কনস্টেবল এনামুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
