পোস্তগোলায় সড়ক ছেড়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ২

২ মিনিটে পড়ুন৪ বার পড়া হয়েছে

রাজধানীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পাশের চায়ের দোকানে উঠে গেছে একটি ট্রাক। এতে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা চার থেকে পাঁচটি অস্থায়ী দোকানও সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত ৩টার দিকে পোস্তগোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি হঠাৎ সড়ক ছেড়ে পাশের একটি চায়ের দোকানে উঠে যায়। এ সময় দোকানে অবস্থান করা লোকজন ট্রাকটির নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় আশপাশের কয়েকটি অস্থায়ী দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুরের জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র (৩৬)। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

চায়ের দোকানে বসে ছিলেন জাকির

নিহত জাকির হোসেনের ছেলে মোহাম্মদ মাহিন হোসেন জানান, তাঁরা রায়েরবাগ বাজার এলাকায় বসবাস করেন। তাঁর বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন।

দুর্ঘটনার বিবরণ দিয়ে মাহিন বলেন, ভোররাত ৩টার দিকে তাঁর বাবা পোস্তগোলা সেতুর নিচে একটি দোকানে বসে চা পান করছিলেন। সেখানে আরও কয়েকজন ছিলেন। এ সময় হঠাৎ একটি বড় ট্রাক তাঁদের ওপর উঠে যায়।

অন্যদিকে নিহত জাহাঙ্গীর পোদ্দারের স্ত্রী হাওয়া বেগম জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে পৌঁছে জানতে পারেন, হাসপাতালে যাওয়ার আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে কদমতলী থানা-পুলিশ।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।