বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, বেতন ৫২ হাজার টাকা
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে নিয়োগপ্রাপ্তদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার ৩০০ টাকা।
বোয়েসেলের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির প্রাথমিক মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে। প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। প্রতিষ্ঠানের প্রয়োজন ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগও থাকবে।
আবেদনের যোগ্যতা
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। এ পদে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ওয়্যারহাউসে কাজ করার শারীরিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে পড়াশোনা করা ভোকেশনাল, পলিটেকনিক ও স্নাতক ডিগ্রিধারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র্যাকিং এবং তথ্যপ্রযুক্তির সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
আবেদন ও নিয়োগপ্রক্রিয়া
বোয়েসেলের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ৬ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।
প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। তাঁদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন।
নিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচিত কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং দেশে বা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে সংস্থাটি।
