উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকিয়ে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মো. জুবায়ের (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে ক্যাম্প-৮ ইস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুবায়েরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাটির ভিটা খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়।
৮ এপিবিএন সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার ক্যাম্পের বিভিন্ন ব্লকে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকার তথ্য পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জুবায়ের জানান, কয়েক মাস আগে তিনি ওই স্থানে গর্ত করে অস্ত্র ও গুলি পুঁতে রেখেছিলেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একপর্যায়ে নির্দিষ্ট স্থানটি শনাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটি খনন করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
