অনুশোচনা ছাড়া হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ মিনিটে পড়ুন৪ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা দুঃখ প্রকাশ ও অনুশোচনা না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ তাঁদের রাজনীতিতে ফিরতে দেবে না।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেম-ওলামাসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ নিহত হলেও তাঁদের সবার নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ওই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এ ছাড়া আগের শাসনামলে গুম, হত্যা, নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন অসংখ্য মানুষ।

আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির বিরোধিতা করে তিনি বলেন, সরকারের সমালোচনা ও গঠনমূলক আলোচনা করা যেতে পারে। এমনকি সরকারের সঙ্গে অসহযোগিতাও করা যেতে পারে। তবে দেশের মানুষের বিরুদ্ধে কোনো অসহযোগিতা করা যাবে না।

বক্তব্যে ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা একটি দলের সমালোচনাও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, দলটি নিজেদের ইসলামী দল দাবি করলেও নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা বলেনি। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশে বিভক্তি তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁর দল ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করা হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুতায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।