মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা, পুড়েছে দুটি আসন
রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। বাসটির পেছনের দিকের দুটি আসনের ওপরের অংশ আংশিক পুড়ে গেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। বাসটি দিনের ট্রিপ শেষ করে সেখানে দাঁড়িয়ে ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি তখন সম্পূর্ণ ফাঁকা ছিল। বাসের কর্মীরা ভেতরে বসে দিনের ট্রিপের আয়-ব্যয়ের হিসাব করছিলেন। এমন সময় বাইরে থেকে বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
তিনি আরও জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বাসের পেছনের দিকের দুটি আসনের ওপরের অংশ ছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। ফলে প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়নি।
পুলিশ কর্মকর্তা জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া এর আগের দিন রায়েরবাজারে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
