অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
অনলাইনে চাঁদপুরের ইলিশ মাছ বিক্রি করতে ব্যবসায়ীদের জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা বন্ধ এবং এ মাছের সুনাম ও মান বজায় রাখতে এ উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। লাইসেন্স পেতে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
গত বুধবার (৪ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ফরমে (পরিশিষ্ট-ক) আবেদন করতে হবে। যোগ্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র (পরিশিষ্ট-খ) জমা দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে হবে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুরের ইলিশের স্বাদ ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখা এবং মাছের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কিন্তু জেলার ইলিশের পরিচিতিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ভুয়া ফেসবুক পেজ খুলে দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা মৎস্য বণিক সমিতি এবং প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুরের ইলিশ বিক্রির নামে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে। তারা আকর্ষণীয় বিজ্ঞাপন ও কম দামের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেয়। পরে মাছ সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দেয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার ঘটনায় পুলিশ বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে নড়াইল থেকে নয়জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, অনলাইনে ইলিশ বিক্রির ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে প্রতারণার সুযোগ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে চাঁদপুরের সাতটি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছিল জেলা প্রশাসন। তবে নতুন বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
