গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও

৩ মিনিটে পড়ুন০ বার পড়া হয়েছে

গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের বেতন ১১ হাজার টাকা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অবসরকালীন আনুতোষিক, যাতায়াত ও মোবাইল ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। নতুন সিদ্ধান্ত ৭ নভেম্বর থেকেই কার্যকর হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে যোগ দিয়ে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বর্তমানে একজন গ্রাম পুলিশ সদস্য মাসে ৭ হাজার ৫০০ টাকা বেতন পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের বেতন বেড়ে হয়েছে ১০ হাজার ৫০০ টাকা। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানদের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।

বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন আর্থিক সুবিধাও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের জন্য ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া তথ্য আদান-প্রদান ও যোগাযোগের সুবিধার্থে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়া হবে।

থানায় যাতায়াতের ভাতাও বাড়ানো হয়েছে। আগে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা সাপ্তাহিক হাজিরার জন্য ৩০০ টাকা পেতেন। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এই ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রামীণ পর্যায়ে নারীদের কর্মসংস্থান বাড়াতেও নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি ইউনিয়নে আরও দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে।

পেশাগত মর্যাদা বৃদ্ধির অংশ হিসেবে আগে মহল্লাদার ও দফাদার নামে পরিচিত পদগুলোর নাম পরিবর্তন করে যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান করা হয়েছে। তাঁদের কাজের স্বীকৃতি দিতে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার উদ্যোগ নেওয়া হবে। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে এবং ভবিষ্যতে গাছ বিক্রির অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের সাইকেল সরবরাহের সময়সীমা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে পাঁচ বছর পরপর তাঁদের একটি করে সাইকেল দেওয়া হয়। নতুন উদ্যোগ অনুযায়ী, তিন থেকে সাড়ে তিন বছর পরপর সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা গেলে পুরো দেশ নিরাপদ থাকবে। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ৪০ হাজারের বেশি গ্রাম পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নে সরকার এসব উদ্যোগ নিয়েছে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।