জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি।
এ সময় আরও বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত। পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতায় এসে তিনি বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ ও ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য ও সংহতি জোরদারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতেও মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা।
এসময় অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
