জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ১
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত হয়েছেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জয়পুরহাটের দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নুরনবী মারা যান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত এনামুল হককে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালাই থানার তদন্ত কর্মকর্তা মো. ইমায়েদুল জাহেদী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের শনাক্ত ও আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
