ঘুষ কাণ্ডে কালুখালী ইউএনও অফিস কর্মকর্তার ফরিদপুরে বদলি

২ মিনিটে পড়ুন৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে সেবাগ্রহীতার কাছ থেকে অনৈতিক সুবিধা (ঘুষ) গ্রহণের অভিযোগ ওঠা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, আফরোজা চৌধুরীকে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থল চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১০ সেপ্টেম্বর অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

এর আগে গত ৪ আগস্ট কালুখালী ইউএনও কার্যালয়ে বসে আফরোজা চৌধুরীর টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নিজ কার্যালয়ের টেবিলে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে ব্যাগে রাখতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

পরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আফরোজা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রশাসকের পাঠানো তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আফরোজা চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলির আদেশ জারি করা হয়েছে।

তবে বদলির আদেশে তাকে সরাসরি ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ নেই।

Tanvir Ahmed

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।