বৈঠার ছন্দে রাজবাড়ীতে ঐতিহ্যের মহা-উৎসব!

২ মিনিটে পড়ুন৬ বার পড়া হয়েছে

সর্বশেষ হালনাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

গ্রাম বাংলার আবহমান ঐতিহ্যকে ধারণ করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা।

সোমবার (৭ সেপ্টেম্বর) অপরাহ্ণে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া যুব সমাজের সর্বাত্মক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার সূচনা হয়।

আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। রোমাঞ্চকর এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আসা সুসজ্জিত ছয়টি নৌকা প্রতিযোগিতায় নামে। বাদ্যযন্ত্রের সুর ও ঝংকারের সাথে জারি-সারি ও লোকসঙ্গীত গেয়ে মাঝি-মাল্লারা তাল মিলিয়ে নৌকা বায়।

ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করতে বিলের পাড়ে সমাগম ঘটে হাজার হাজার উৎসুক জনতার। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এক অভূতপূর্ব উল্লাস। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি আয়োজনে বাড়তি আমেজ যোগ করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়-হিজলি গ্রামের ‘বাংলার দুলদুল’ প্রথম স্থান ছিনিয়ে নেয়। এতে জামালপুর ইউনিয়নের ‘আব্দুল মান্নানের নৌকা’ দ্বিতীয় এবং রাসেল ফকিরের নৌকা তৃতীয় স্থান দখল করে।

খেলা শেষে বিজয়ী প্রথম স্থানের মাঝিদের হাতে উপহার হিসেবে একটি ফ্রিজ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে টেলিভিশন তুলে দেওয়া হয়।

উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “বাংলার এই লোকজ ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। বিলে হাজারো মানুষের এই বিপুল উপস্থিতি দেখে আমি সত্যি অভিভূত। জেলার ইতিহাস ও লোকসংস্কৃতি টিকিয়ে রাখতে জেলা পরিষদ সর্বদা সচেষ্ট থাকবে।”

Tanvir Ahmed

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।