মৌলভীবাজারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে খালাতো দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৭) ও শ্রীমঙ্গলের ভৈরব বাজারের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (১২)। অনন্য দ্বিতীয় শ্রেণি ও দুর্জয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার পরিবারের সঙ্গে আমতৈলে এসে পৌঁছেছিল দুই ভাই। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে বড়শি নিয়ে মাছ ধরতে যায় তারা। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি মাঠে ঘাস কাটতে গিয়ে তাদের কালভার্টের নিচে পানিতে ভেসে থাকতে দেখেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। প্রশাসনের অনুমতি সাপেক্ষে ধর্মীয় রীতি অনুযায়ী নিহত দুই শিশুর লাশ দাহ করা হয়েছে।
