ঢাকা-আশুলিয়া সড়কে পাইপলাইন স্থানান্তর: সাভার-আশুলিয়াসহ বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ এবং গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে আগামীকাল শুক্রবার সকাল থেকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ আশেপাশের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ বাস্তবায়নে আশুলিয়া রোডের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ শনিবার সকাল ৮টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশ, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা ও চন্দ্রা মোড় এলাকায় গ্যাস থাকবে না। এছাড়া নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর এবং মানিকগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সব শ্রেণির গ্রাহকরা এ সাময়িক ভোগান্তিতে পড়বেন।
পদ্ধতিগত এই উন্নয়নকাজের সময়ে আশেপাশের অন্যান্য কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
