ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ীর কালুখালীতে রেড ক্রিসেন্টেরপরিচ্ছন্নতা অভিযান

৩ মিনিটে পড়ুন১ বার পড়া হয়েছে

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের উদ্যোগে অর্ধদিনব্যাপী এ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এ সময় কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আলিমুজ্জামান, আঞ্জুমান আরা বেগম, রাজিয়া বেগম ও মো. আল-আজম আজাদী এবং ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের যুব প্রধান আব্দুল হালিম আল-রাজি, উপ-যুব প্রধান-১ খন্দকার নাসিম রানা ও উপ-যুব প্রধান-২ জান্নাতুল সুলতানার নেতৃত্বে যুব কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অভিযানে অংশ নেন।

অভিযানের শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় ও করণীয় সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের সঙ্গে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন রেড ক্রিসেন্টের সদস্যরা।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ড্রেন ও জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ঝোপঝাড় ও অতিরিক্ত ঘাস-গাছপালা ছাঁটাই, জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণ এবং অব্যবহৃত ও পরিত্যক্ত সামগ্রী সরিয়ে ফেলা হয়। এতে হাসপাতাল প্রাঙ্গণের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও রোগী-বান্ধব হয়ে ওঠে।

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় মানুষ ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।