অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘ভিত্তিহীন’ দাবি

২ মিনিটে পড়ুন৪ বার পড়া হয়েছে

রাজধানীতে নিজের পিস্তল উঁচিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে কয়েকটি গণমাধ্যমে। তবে এই দাবি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বয়ং প্রতিমন্ত্রী।

রোববার রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়, পদত্যাগের বিষয়ে সরকারের কোনো মহল থেকেই তাঁকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি।

এদিকে ঘটনাটির সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে তীব্র সমালোচনা তৈরি হলেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠান মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শন ও অভিযান বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কেবিনেটে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।” তদন্ত বা সরকারের কোনো পদক্ষেপ সংক্রান্ত পরবর্তী প্রশ্নেও তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর একটি এলাকায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজস্ব অস্ত্র উঁচিয়ে এক মাদকবিরোধী অভিযানে অংশ নেন। উক্ত অভিযানের ধারণকৃত ভিডিওটি তাঁর নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করার পর থেকেই আইন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজ এ নিয়ে নানা প্রশ্ন তোলেন। প্রচলিত আইনের ব্যত্যয় ঘটেছে কি না—তা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য এখনো মেলেনি।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।