সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধনী বা রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ায় বিরোধী দল থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাই, যা রাষ্ট্র সংস্কারে কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিরোধী দল এখনো পর্যন্ত এই সাংবিধানিক সংশোধনী প্রক্রিয়ায় আমাদের কোনো সহযোগিতা করছে না।” বিরোধী দলীয় নেতার রাজপথের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও যোগ করেন, “রাস্তার বক্তৃতা আর সাংবিধানিক সংস্কারে অবদান—এই দুটির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। বিরোধী দল গঠনমূলক আলোচনার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেবে, এটাই আমরা প্রত্যাশা করি।”
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত রূপরেখা ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। একাত্তর-পরবর্তী সময়ে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। আর ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে তারেক রহমানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ছাত্র-জনতার ঐতিহাসিক জয় অর্জিত হয়েছে।”
জুলাই জাতীয় সনদ ও জনগণের সকল গণতান্ত্রিক প্রত্যাশা আইনি ও সাংবিধানিক কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ প্রমাণ করে যে জুলাই অভ্যুত্থানের চেতনা বর্তমান সরকারের অন্তরে চির ভাস্বর হয়ে আছে।
