ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তাঁকে আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে জানা গেছে। তিনি সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানা বেগম চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তাঁকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
