শ্রীপুরে শতাধিক ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও ২ মাদক কারবারি আটক, উদ্ধার ওয়াকিটকি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্থানীয়দের সহায়তায় ১২০টি ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও দুই মাদক কারবারিকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশে ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক উত্তরে কর্মরত পুলিশ কনস্টেবল সরোয়ার মুর্শেদ (৩৮), মো. সবুজ (৩২) এবং মো. জাহাঙ্গীর আলম (৩৬)। কনস্টেবল সরোয়ার কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাটি গ্রামের বাসিন্দা। অন্য দুজনের মধ্যে সবুজ শ্রীপুরের স্থানীয় ভাড়াটিয়া এবং জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম নামে আটক ব্যক্তি প্রায় এক মাস ধরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়ির কক্ষ ভাড়া নিয়ে গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি বুঝতে পেরে শুক্রবার রাতে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই কক্ষে থাকা তিনজনকে আটকে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের হেফাজতে নেয় এবং ১২০টি ইয়াবা ও একটি ওয়াকিটকি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম শনিবার দুপুরে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
