রাজবাড়ীতে অটোরিকশা থেকে গুলি, আহত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক

২ মিনিটে পড়ুন৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী শহরে অটোরিকশা থেকে রিকশার এক যাত্রীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আমির হোসেন লিটন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আবুল হাশেম মোল্লার ছেলে।

আমির হোসেন লিটন জানান, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তাঁর রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশায় থাকা মাস্ক পরা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি হাসপাতালে আসেন। এক্স-রে করার পর তাঁর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।