বাংলাদেশে কার্যালয় খোলার প্রস্তাব বিবেচনা করবে জেবিআইসি

৩ মিনিটে পড়ুন২ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশে কার্যালয় খোলার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)। বুধবার (২৮ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যাংকটির গভর্নর আমাকাওয়া কাজুহিকোর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজ করার উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জবাবে ব্যাংকটির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তবে কার্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বৈঠকে জানানো হয়নি।

জেবিআইসি জাপানের একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অর্থায়ন করে। বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে প্রতিষ্ঠানটির সম্ভাব্য অংশগ্রহণ উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।