স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদাভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের অংশ হিসেবে নয়, বরং আলাদাভাবে অংশ নেবে এনসিপি। তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনো দেখছেন না তিনি।
সরকারদলীয় নেতাকর্মীদের অন্তর্কোন্দলে কয়েক শত মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। এ জন্য আমরা সংস্কারের প্রস্তাব দেব।”
নাহিদ ইসলাম আরও বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। স্থানীয় নির্বাচনে এনসিপি কোনো জোটের হয়ে অংশ নেবে না; দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
মাদক সিন্ডিকেট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, “রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না। মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাঁদের দৌরাত্ম্য ঠেকানো না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।”
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, “এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি।”
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে। আওয়ামী লীগের বর্তমানে কোনো কার্যকর তৎপরতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে। দলটির পরাজয় হলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে।
এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
সংশ্লিষ্টরা জানান, জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
