শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু, যোগ দিয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী
রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে এনসিপির জ্যেষ্ঠ নেতারা সমাবেশস্থলে আসতে শুরু করেন। পরে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে যোগ দেন।
সমাবেশে দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন, সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী হত্যাকাণ্ড, লুটতরাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সমাবেশের মঞ্চে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত দুই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি সংবলিত ব্যানার দেখা যায়।
বিকেল পৌনে ৪টার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ঢাকা দক্ষিণ মহানগর এনসিপির একটি বড় মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা উত্তর মহানগর শাখার নেতা-কর্মীরাও মিছিলে অংশ নিয়ে সমাবেশে যোগ দেন।
সমাবেশটি বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বিকেল ৪টা ১০ মিনিটে।
