রাজবাড়ীতে খাবার না পেয়ে কাঠের চেলা দিয়ে পিটিয়ে বাবুর্চিকে হত্যা, আটক এক

৩ মিনিটে পড়ুন৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে রান্নার কাজে ব্যবহৃত কাঠের চেলা দিয়ে পিটিয়ে এক বাবুর্চিকে হত্যা করেছেন এক যুবক। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর নারী সহকারী।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদেরীয়া খানকা শরীফ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

এ ঘটনায় ৩৫ বছর বয়সী ওই যুবককে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
নিহত বাবুর্চির নাম ফজের আলী সরদার (৭০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদারের ছেলে।

আহত নারী সহকারীর নাম সোনা বান বিবি (৬৫)। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতিয়ার সিদ্দিক কাজীপাড়ার মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি সফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ওই যুবক দৌলতদিয়া আঞ্জুমান কাদেরীয়া খানকা শরীফের রান্নাঘরে প্রবেশ করেন। এ সময় বাবুর্চি ফজের আলীর কাছে খাবার চান তিনি। খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে রান্নার কাজে ব্যবহৃত কাঠের চেলা দিয়ে ফজের আলীর মাথা ও ঘাড়ে আঘাত করেন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে নারী সহকারী সোনা বান বিবিও হামলার শিকার হন।
তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সোনা বান বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হামলাকারীর পরিচয় ও ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন ধরে তাঁকে গোয়ালন্দ বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। বিভিন্ন মানুষের কাছ থেকে খাবার চাওয়ার ঘটনাও রয়েছে।

শুক্রবার দুপুরে খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি কাঠের চেলা দিয়ে বাবুর্চিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।