পদ্মায় মাছ না পেয়ে খালি হাতে ফিরছেন জেলেরা, ইলিশের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের
মা ইলিশের প্রজনন সুরক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে পদ্মা নদীতে ইলিশ শিকারে নামেন রাজবাড়ীর জেলেরা। দীর্ঘ বিরতির পর মাছ ধরতে নেমে ভালো মাছ পাওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নদীতে জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে হতাশ হয়ে অনেককেই ফিরতে হচ্ছে প্রায় খালি হাতে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ীর বিভিন্ন মাছের ঘাট ও আড়তে ইলিশ আসতে শুরু করলেও সরবরাহ ছিল তুলনামূলক কম। এতে জেলেদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি মাছের সংকটের কারণে ক্রেতাদেরও চড়া দামে ইলিশ কিনতে হচ্ছে।
শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট মাছবাজার ঘুরে দেখা যায়, অল্প কিছু মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। অনেকেই ফিরছেন প্রায় শূন্য হাতে।
আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে দাম। সেখানে বড় আকারের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা এবং ছোট ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
একই চিত্র দেখা গেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তগুলোতেও। সেখানে বড় ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার ৫০০ টাকা এবং ছোট ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার জেলে মসকুল বলেন, “রাত ১২টার পর থেকেই মাছ ধরতে নদীতে নেমেছি। কিন্তু তেমন মাছ পাইনি। মাত্র ১ হাজার ৩০০ টাকার মাছ বিক্রি করতে পেরেছি।”
একই এলাকার জেলে সরকত বলেন, “২২ দিন পর নদীতে নেমেছি। ভেবেছিলাম ভালো মাছ পাব। কিন্তু পদ্মায় মাছ নেই বললেই চলে। প্রায় খালি হাতে ফিরে আসতে হচ্ছে।”
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, প্রতিবছর নিষেধাজ্ঞা শেষে জেলেদের মধ্যে মাছ ধরার ব্যাপক উৎসাহ দেখা যায়। তবে এবার নদীতে মাছের পরিমাণ তুলনামূলক কম। সামান্য কিছু মাছ নিয়ে জেলেরা ঘাটে ফিরলেও সেগুলোর দাম অনেক বেশি।
ধাওয়াপাড়া ঘাটের আড়তদার ফরিদ শেখ বলেন, “প্রতিবছর এ সময় বাজারে প্রচুর ইলিশ আসে। কিন্তু এবার মাছের পরিমাণ খুবই কম। নদীতে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না।”
আড়তদার আকরাম শেখ বলেন, “জেলেরা রাত ১২টা থেকে নদীতে মাছ ধরতে নেমেছেন। কিন্তু সকালে অনেকেই খালি হাতে ফিরেছেন। ফলে আড়তে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। মাছ ধরার আশায় অনেক জেলে আড়ত থেকে দাদন নিয়ে নৌকা ও জাল তৈরি করেছিলেন। কিন্তু এখন মাছ না পাওয়ায় তাঁদের দুশ্চিন্তা বেড়েছে।”
নিষেধাজ্ঞা শেষে নতুন করে মাছ ধরার মৌসুম শুরু হলেও পদ্মায় পর্যাপ্ত ইলিশের দেখা না মেলায় বিপাকে পড়েছেন রাজবাড়ীর জেলেরা। মাছের আশায় নদীতে নামলেও প্রত্যাশিত পরিমাণে মাছ না পাওয়ায় তাঁদের আয়-রোজগার নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
