বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর পাঁচ দিনের যৌথ মহড়া শুরু
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়ার উদ্বোধন করা হয়। মহড়ায় দুই দেশের মোট ১৩৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ায় বাংলাদেশের ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মহড়াটি ৫ নভেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন চিফ তৃষিতা মওলা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ মহড়ার মূল উদ্দেশ্য দুই দেশের বিমানবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষতা এবং কার্যসক্ষমতা বৃদ্ধি করা।
মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, উড্ডয়ন নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহন, বিমানঘাঁটির প্রতিরক্ষা এবং দুর্ঘটনাকবলিত বিমানে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় হবে।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের তথ্য অনুযায়ী, দুই দেশের পাইলট, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং লজিস্টিকস দলের সদস্যরা এ মহড়ায় একসঙ্গে কাজ করবেন। প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতিতে সহায়তা পৌঁছানো এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোও এ মহড়ার অন্যতম লক্ষ্য।
