সীমান্তের ওপার থেকে ইন্ধনে পোশাকশিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, একটি পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারী ব্যক্তিরা প্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এ বিষয়ে সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। শ্রমিকদের ব্যবহার করে দেশের শিল্প ও রপ্তানি খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভাঙচুর, বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, তাঁর বিশ্বাস, প্রকৃত শ্রমিক বা স্বীকৃত শ্রমিক সংগঠন এসব সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আলোচনার মাধ্যমে এ বোর্ডের সিদ্ধান্তে মজুরি নির্ধারণ করা হবে।
শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মজুরি বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে কারখানার মালিকদের উৎপাদন চালু রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আতঙ্কিত হয়ে কারখানা বন্ধ না করে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং রপ্তানি কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ।
