রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস তিনজন
রাজবাড়ীর পাংশায় প্রবাসফেরত আব্দুর রহিম হত্যা মামলায় সাদ্দাম মিয়া নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক।
দণ্ডিত সাদ্দাম মিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৃত শহিদ মিয়ার ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালে রহিমের ছোট ভাইকে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেন সাদ্দাম। পরে ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ৫ নভেম্বর পাংশা কলেজপাড়া এলাকায় রহিমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে ৮ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি সাদ্দামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
