রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকায়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) প্রথম চালান শুক্রবার রাতে রাজধানী ঢাকায় পৌঁছেছে। ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট রাত ১১টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
উড়োজাহাজটি অবতরণের পরপরই বিশেষ সতর্কতার সঙ্গে জ্বালানি খালাসের প্রক্রিয়া শুরু করা হয় বলে প্রকল্প সূত্রে জানা গেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে শনিবার ভোরে সড়কপথে এই তেজস্ক্রিয় জ্বালানির বহর পাবনার রূপপুর প্রকল্প এলাকার উদ্দেশে রওনা হয়। জ্বালানি পরিবহনের সময় ঢাকা-পাবনা মহাসড়কে নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা পূরণ এবং দ্বিতীয় ইউনিটের প্রাথমিক কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া থেকে মোট নয়টি ফ্লাইটে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ২০০টিরও বেশি ফুয়েল অ্যাসেম্বলি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
