রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন ফকির (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় সে।
নিখোঁজ নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে নুর আমিন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে ভেসে যায়। পরে স্থানীয়রা তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার জাহিদুল ইসলাম বলেন, “আমরা দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। বিকেল পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।”
