ক্যানসারে মারা গেলেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন

২ মিনিটে পড়ুন৩ বার পড়া হয়েছে

দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ, মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তুলনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা শুরু হয়। গত ২০ অক্টোবর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে এবং চিকিৎসকেরা জানতে পারেন তত দিনে তা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাতে হার্ট অ্যাটাক হলে রাত ১১টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মডেলিং, অভিনয়, টেলিভিশন উপস্থাপনা এবং ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবে বিনোদন অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন তুলনা। তিনি প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তাঁর অকালমৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও ফ্যাশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।