নরসিংদীতে ডাইং কারখানা করার জমানো ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি, পূজা শেষে ফিরে দম্পতি দেখলেন শূন্য ফ্ল্যাট

২ মিনিটে পড়ুন৪ বার পড়া হয়েছে

নরসিংদী ও অপরাধ ডেস্ক:

ডাইং কারখানা করার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য গ্রামের জমি বিক্রির ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি ভাড়া বাসায় দুর্গাপূজার ছুটির সুযোগ নিয়ে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুখন চৌধুরী নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সুখন চৌধুরী (৫০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘ পাঁচ বছর ধরে পরিবার নিয়ে নরসিংদী শহরের নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কর্মরত।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কারখানা কেনার পাকা কথা হওয়ায় জমি বিক্রির নগদ ৫০ লাখ টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার বাসার আলমারিতে রেখে গত রোববার (১৮ অক্টোবর) দুপুরে পরিবারসহ দুর্গাপূজা উদ্‌যাপনের উদ্দেশ্যে গ্রামের বাড়ি নেত্রকোনায় যান তাঁরা। পূজা শেষে শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে নরসিংদীর বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের মূল দরজা খুলছে না। পরে তালা কেটেও দরজা না খোলায় পেছনের দিকে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁরা দেখেন, ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো এবং আলমারি ভাঙা। আলমারিতে রাখা নগদ ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার সম্পূর্ণ উধাও।

কান্নাজড়িত কণ্ঠে সুখন চৌধুরী বলেন, “একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের জমি বিক্রি করে টাকাগুলো এনেছিলাম। চোরেরা আমার সারা জীবনের স্বপ্নটাই চুরি করে নিয়ে গেছে।”

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।