মাদারীপুরে চুরি হওয়া মুঠোফোনের অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ
মাদারীপুর ও অপরাধ ডেস্ক:
মাদারীপুরের রাজৈর উপজেলায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে মেরজন শেখ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার টেকেরহাট বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত হাসিবুল খাঁ বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার একটি মাদ্রাসার জন্য সাহায্য চাওয়ার অছিলায় মেরজন শেখের বাড়িতে যান হাসিবুল খাঁ। সাহায্যপ্রার্থনার সুযোগে তিনি ঘর থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যান বলে অভিযোগ স্বজনদের। আজ সকালে টেকেরহাট বাজারে অভিযুক্ত হাসিবুলকে দেখতে পেয়ে মেরজন শেখ তাঁকে ধরার জন্য পেছনে ধাওয়া করেন। ধাওয়াকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী চোর সন্দেহে হাসিবুল খাঁকে ধরে গণপিটুনি দিয়ে রাজৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
খবর পেয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন। তিনি জানান, সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরির অভিযোগে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধাওয়া করার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেরজন শেখের মৃত্যু হয়েছে। আটককৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
