পটিয়ায় বাবার বাড়ি থেকে ‘নাশতা কম পাঠানোর’ জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন, শাশুড়ি গ্রেপ্তার
চট্টগ্রাম ও অপরাধ ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে পাঠানো নাশতা বা উপহার কম দেওয়ার অজুহাতে সিফাতুন নূর (২২) নামের তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সিফাতুন নূর চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার মো. নুরের মেয়ে। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সিফাতুনের মা জাহিনুর আক্তার মেয়েকে দেখতে শ্বশুরবাড়িতে বিভিন্ন পিঠা, ফল ও মাছ নিয়ে যান। তবে শাশুড়ি রিজিয়া বেগম অভিযোগ করেন, যা আনা হয়েছে তা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গত ১৪ অক্টোবর সিফাতুনকে মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোশারফ হোসেন জানান, গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর প্রধান আসামি তাঁর শাশুড়ি রিজিয়া বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
