বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

৪ মিনিটে পড়ুন৪ বার পড়া হয়েছে

ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রচলিত পোশাক উৎপাদনের পাশাপাশি কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক ও বিশেষায়িত বস্ত্র উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন। দেশের পোশাকশিল্পের আরও উন্নয়ন এবং নতুন ধরনের পণ্য উৎপাদনের সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটিকে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, শ্রমিক ও কর্মীদের দক্ষতা উন্নয়ন, পণ্যের নকশা ও উদ্ভাবন এবং আধুনিক উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি উৎপাদনপ্রক্রিয়ায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পোশাকশিল্পকে আরও টেকসই করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে ইউনিক্লোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন গ্রহণ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে সরকারের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। তাদের প্রত্যাশা, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং প্রতিষ্ঠানটির গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা ইয়োশিহিরো কুনিই।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, উৎপাদনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রচলিত পোশাকের বাইরে উচ্চমূল্য সংযোজিত পণ্যের উৎপাদন সম্প্রসারণে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করা।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।