তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

২ মিনিটে পড়ুন৫ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাহসিফ সৌরি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে নদ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নৌ-পুলিশের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি ধারণের সঙ্গে তাহসিফ সৌরির নামও আলোচনায় এসেছিল।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।