পোশাকশিল্পে উৎপাদন সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

২ মিনিটে পড়ুন৫ বার পড়া হয়েছে

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিক অসন্তোষ নিরসন ও শিল্প খাতের অস্থিরতা মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ নির্দেশনার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানান, ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এ পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। পাশাপাশি কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ নিরসন ও পোশাকশিল্পের অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণের জন্য এ জরুরি বৈঠক ডাকা হয়। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বেলা ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিন সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য আনুষ্ঠানিকভাবে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন। তবে নতুন মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির নাম চূড়ান্ত করতে শ্রম মন্ত্রণালয়ের কিছুটা সময় লাগায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় বিলম্ব হয়।

মজুরি পর্যালোচনায় নতুন বোর্ড গঠন এবং শিল্পাঞ্চলে উৎপাদন ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্য দিয়ে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।