এডেন থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে হুথি যোদ্ধারা, ২০১৫ সালের পর সবচেয়ে কাছে অগ্রসর

৪ মিনিটে পড়ুন১ বার পড়া হয়েছে

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের মাত্র ৮০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী বাহিনী। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান ঘাঁটি ও অস্থায়ী রাজধানী এডেনের দিকে এই অগ্রগতি ২০১৫ সালের পর শহরটির সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানো বলে জানিয়েছেন চারজন সামরিক কর্মকর্তা।

সোমবার (২ নভেম্বর) সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, গত তিন দিন আগে আল-মাকাতিরা এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অভিযান শুরু করে হুথিরা। এরপর পুরো জেলাটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন তাঁরা। এ অভিযানের ফলে সরকারি বাহিনী পিছু হটে তুর আল-বাহা এলাকার দিকে চলে গেছে।

এডেনের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হুমকির মুখে

হুথিদের সাম্প্রতিক অগ্রগতিতে এডেন ও তাইজ শহরের মধ্যকার প্রধান সড়কটি নতুন করে হুমকির মুখে পড়েছে। দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি সরকারি নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং অবরুদ্ধ তাইজ শহরের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান পথ।

সোমবার তুর আল-বাহা জেলার প্রবেশপথের একটি সামরিক শিবিরে হুথি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল বলে জানিয়েছেন সামরিক সূত্রগুলো। ওই শিবিরটি লাহজ প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার এবং এডেন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

সামরিক কর্মকর্তাদের দাবি, আল-মাকাতিরার পার্বত্য অঞ্চলটি তাইজ-এডেন সংযোগ সড়কের ওপর কৌশলগত অবস্থানে রয়েছে। এখানকার নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হুথিরা বাব আল-মান্দেব প্রণালির আশপাশের পাহাড়ি এলাকায় সরকারি বাহিনীর অবস্থানকে পাশ থেকে ঘিরে ফেলার সুযোগ পেতে পারে।

হুথি কর্মকর্তা হামিদ রিজক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, ভিডিওটিতে আল-মাকাতিরা জেলার সুক আল-রাবুহ এলাকায় হুথি যোদ্ধাদের প্রবেশ করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

তাইজ শহরে অবরোধ, বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ গত অক্টোবরের শুরু থেকে কার্যত অবরুদ্ধ রয়েছে। শহরটির দক্ষিণে এডেনের সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ করে দেওয়ার পর সেখানে খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে।

অবরোধের কারণে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের পুরো সময়জুড়ে সরকারি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে তাইজে প্রবেশের অন্যতম শেষ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এই সড়ক।

লাল সাগর উপকূলে নতুন অভিযান, জড়াচ্ছে সৌদি আরব

সেপ্টেম্বর থেকে ইয়েমেনের লাল সাগর উপকূলজুড়ে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে হুথিরা। এ অভিযানে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এলাকাসহ কয়েকটি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন সামরিক সূত্রগুলো।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করে। একই সঙ্গে এ পথ সৌদি আরবের তেল এশিয়ায় রপ্তানির জন্যও গুরুত্বপূর্ণ।

এদিকে, ইয়েমেনের স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরবের ওপর হুথিদের হামলা বেড়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে। এতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের মধ্যে ইয়েমেনের যুদ্ধও নতুন মাত্রা পেয়েছে।

ভেঙে পড়েছে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি

২০১৪ সালে হুথিরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে ইয়েমেনের সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করে। ২০১৫ সালে তারা এডেনেও প্রবেশ করেছিল। পরে সরকারি বাহিনীর পাল্টা অভিযানে শহরটি থেকে তাদের বিতাড়িত করা হয়।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান অনেকটাই কমে এসেছিল। তবে সাম্প্রতিক সংঘর্ষে সেই স্থিতিশীলতা ভেঙে পড়েছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে, হুথিদের সাম্প্রতিক অগ্রগতির ফলে এডেনমুখী প্রধান সড়ক এবং তাইজ শহরের সঙ্গে যোগাযোগের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Bhinno Britto

আপনার মন্তব্য লিখুন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। মন্তব্য সম্পাদকীয় অনুমোদনের পর প্রকাশিত হয়।